আজ বুধবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের যু*দ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগে ‌‌‘‘নতি স্বীকার করতে হবে।’’এ তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা।

মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

ইরানি ওই কর্মকর্তা বলেছেন, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতিবিষয়ক বৈঠক আয়োজন করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে ‘‘অত্যন্ত কঠোর ও অনমনীয়’’ অবস্থান গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা সশরীরে না কি ভার্চুয়ালি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, সে বিষয়ে ওই কর্মকর্তা স্পষ্ট করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দু’টি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে প্রস্তাবের বিস্তারিত কিংবা মধ্যস্থতাকারী দেশগুলোর নাম জানাননি তিনি।

যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতি স্বীকার করছে, পরাজয় মেনে নিচ্ছে ও ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির জন্য এটি সঠিক সময় নয়।’’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সকল বিষয়ে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। এক সপ্তাহ আগে পিতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতার নতুন কোনও ছবি প্রকাশ করা হয়নি।

ইরানি কর্মকর্তারা বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য চালানো হামলায় নতুন সর্বোচ্চ নেতাও সামান্য আহত হয়েছেন। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তিনি গুরুতর আঘাত পেয়েছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন। বর্তমানে সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। অত্যান্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাওয়ার অনুরোধ তার মিত্ররা প্রত্যাখ্যান করেছে। ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে ও মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -