বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গানের কথায় চরম অশ্লীলতা থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহি । গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর পরই ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’- এর মতো চরম আপত্তিকর কথা ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশ ক্ষোভ প্রকাশ করছেন । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ।
যদিও ভিডিওতে নোরার নাচের দক্ষতার প্রশংসা করেছেন তার ভক্তরা, তবে মূলধারার সংগীতে এমন ‘অশ্লীলতা’ মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু সুস্থ সংস্কৃতির পরিপন্থী।
এই বিতর্কে যোগ দিয়ে হতবাক সংগীতশিল্পী আরমান মালিক লিখেছেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছিলাম। আরমানের এই প্রতিক্রিয়া গানটির বিরুদ্ধে চলা জনমতকে কঠোর করেছে।

