বিশেষ প্রতিনিধি: জান্নাত আক্তার রিয়া: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও উৎসবমুখর পরিবেশে আজ মাদ্রাসাতু জামিউল উলুম মুসাব্বির প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পাঁচজন নবীন শিক্ষার্থীকে পবিত্র কুরআন হেফজ করার আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়, যা ছিল আয়োজনের অন্যতম বরকতময় আকর্ষণ।
শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এর মধ্যে সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, মনমুগ্ধকর ইসলামী গজল পরিবেশনা এবং বিষয়ভিত্তিক কবিতা আবৃত্তি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি পর্বেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ী দীর্ঘ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বলেন, আমার অত্যন্ত আদরের এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ এখানে যেভাবে তোমাদের মেধার পরিচয় দিয়েছ তাতে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তোমরা মনে রাখবা, তোমাদের প্রত্যেকের ভেতরেই আল্লাহ তায়ালা বিশেষ কোনো না কোনো যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। তোমরা কেউ কারো চেয়ে কম নও। তোমাদের এই যে সুন্দর তিলাওয়াত, সুন্দর গজল পরিবেশনা এসবই তোমাদের সম্পদ। তোমরা যদি নিয়মিত পড়াশোনা করো এবং বড়দের কথা মেনে চলো, তবে তোমরাই হবে আগামীর ভবিষ্যৎ। তোমাদের এই সুন্দর প্রতিভা ও মেধা যদি ঠিকমতো কাজে লাগাও এবং ইসলামের পথে চলো, তবে তোমরা বড় হয়ে সমাজ ও দেশের অনেক বড় উপকার করতে পারবে। আমি বিশ্বাস করি, তোমরা এক একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দেবে। আজ তোমাদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা মনে রাখবে, কঠোর পরিশ্রম আর সঠিক নিয়ত থাকলে তোমরা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফল হতে পারবে। সব সময় সত্য কথা বলবে, মানুষের সেবা করবে আর মন দিয়ে নিজের পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া ও শুভকামনা থাকল।
অনুষ্ঠানের এক আবেগঘন ও পবিত্র মুহূর্তে পাঁচজন সৌভাগ্যবান শিক্ষার্থীকে নতুন করে পবিত্র কুরআন হেফজের আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়। এরপর বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মেধার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিলের মধ্য দিয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

