আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আরো খবর

নজরুল ইসলাম বাদল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৫ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন—রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তায় লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ইরিখেত থেকে ৬০ কেজি গাঁজা এবং ৪৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। সে সময় পৃথক অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল, মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। গত দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে কোনো পুলিশ সদস্যের সঙ্গে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে বা সন্দেহ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

গ্রেফতারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদকের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

- Advertisement -
- Advertisement -