আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে রিকশা ভাড়ায় নৈরাজ্য, নির্দিষ্ট তালিকা না থাকায় জিম্মি সাধারণ মানুষ

আরো খবর

মামুন আহমেদ জয় : ঢাকা জেলা প্রতিনিধি, ঢাকার ধামরাই উপজেলায় রিকশা ভাড়া দিন দিন লাগামহীন হয়ে পড়েছে। কোনো নির্দিষ্ট ভাড়া তালিকা বা নিয়ম না থাকায় ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অনেক রিকশাচালকের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, একই দূরত্বে একেক সময় একেক রিকশাচালক ভিন্ন ভিন্ন ভাড়া দাবি করছেন। ফলে স্বল্প দূরত্বের যাতায়াতেও যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বিশেষ করে ধামরাই বাজার, বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। অনেক সময় ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক-বিতর্ক এমনকি উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। ধামরাইয়ের বাসিন্দারা জানান, আগে এই এলাকায় রিকশা ভাড়া তুলনামূলকভাবে সহনীয় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই ভাড়া বেড়ে যাওয়ায় মানুষের দৈনন্দিন চলাচল ব্যয় বেড়ে গেছে। কোনো নির্দিষ্ট তালিকা না থাকায় কিছু চালক সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়দের মতে, যাত্রীদের স্বস্তি ফিরিয়ে আনতে প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট রিকশা ভাড়ার তালিকা তৈরি করা এখন সময়ের দাবি। বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে সেই ভাড়া তালিকা টানিয়ে দিলে যাত্রী ও চালক উভয়ের জন্যই বিষয়টি পরিষ্কার হবে এবং অযথা তর্ক-বিতর্কও কমে আসবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়রা ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌরসভার প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রশাসন যদি দ্রুত নির্দিষ্ট ভাড়া তালিকা নির্ধারণ করে এবং তা কার্যকরভাবে তদারকি করে, তাহলে রিকশা ভাড়ার এই লাগামহীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। স্থানীয় সচেতন মহলের মতে, সাধারণ মানুষের স্বার্থে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই ধামরাইয়ের জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -