মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজের পাটাতন ভেঙে গর্ত তৈরি হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ- যে কোনো সময় বড় মারাত্মক দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়- ব্রিজের ভাঙা পাটাতনের কারণে প্রায়ই গাড়ির চাকা আটকে যাচ্ছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার শত শত মানুষ এই সেতু দিয়ে ঢাকা ও জেলা সদরে যাতায়াত করেন। এ সেতু দিয়ে যখন সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাক চলাচল করে তখন সেতুটি কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন-“দ্রুত সেতুটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” সিএনজি চালক ডালিম মিয়া জানান-“এই সেতু দিয়ে চলার সময় দুর্ঘটনার আতঙ্কে থাকি।” জীবনগঞ্জ বাজারে আসা বাড্ডা গ্রামের কুদ্দুস মিয়া বলেন- “আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করি।” এলাকাবাসীর দাবি দ্রুত এই সেতু সংস্কার /পূণঃনির্মাণ করা।
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান-“সেতুটির সর্বশেষ অবস্থা লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করব।”
আলোকিত প্রতিদিন / ১৩মার্চ ২০২৬ /মওম
- Advertisement -

