লাইফ-স্টাইল ডেস্ক:
ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে কয়েক দিনের জন্য বাসা-ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে চুরি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। এতে ঘর নিরাপদ থাকবে এবং ফিরে এসে অপ্রত্যাশিত ঝামেলায় পড়তে হবে না।
বাসা কয়েক দিনের জন্য ফাঁকা থাকলে নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছেন। মোবাইলের সঙ্গে সংযুক্ত এসব ক্যামেরার মাধ্যমে দূর থেকেও বাসার পরিস্থিতি দেখা যায়। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কর্মীদের জানানো সম্ভব।
বাড়ি ছাড়ার আগে দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করা দরকার। অনেক সময় তাড়াহুড়ায় তালা লাগানো হয়েছে কি না, তা খেয়াল করা হয় না। তাই বের হওয়ার আগে আরেকবার যাচাই করে নেওয়া ভালো। প্রয়োজনে প্রতিবেশী বা দারোয়ানকে বিষয়টি জানিয়ে যেতে পারেন।
দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে গ্যাসের লাইন বা সিলিন্ডার বন্ধ রাখা নিরাপদ। বের হওয়ার আগে গ্যাসের চুলা, রেগুলেটর বা মূল লাইন বন্ধ আছে কি না, তা নিশ্চিত করা দরকার। একই সঙ্গে পানির কল বা ট্যাপ খোলা রয়ে গেছে কি না, সেটিও দেখে নেওয়া উচিত।
ভ্রমণ বা বাড়ি ফেরার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ নথির ফটোকপি বা ডিজিটাল কপি আগে থেকেই করে রাখলে সুবিধা হয়।
বাসা থেকে বের হওয়ার আগে বৈদ্যুক যন্ত্রপাতির সুইচ বন্ধ করা অত্যন্ত জরুরি। লাইট, ফ্যান বা অন্যান্য যন্ত্রপাতি অন অবস্থায় থাকলে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।
অনেক দিন বাসা বন্ধ থাকলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ তৈরি করতে পারে। তাই দীর্ঘ ছুটিতে যাওয়ার আগে ফ্রিজের খাবার গুছিয়ে রাখা বা প্রয়োজন হলে পরিষ্কার করে নেওয়া ভালো। একইভাবে ডাস্টবিন খালি করে রাখলে ফিরে এসে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় না।
ছুটিতে যাওয়ার আগে ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার করে রেখে গেলে ফিরে এসে স্বস্তি পাওয়া যায়। এতে ধুলাবালি, পোকামাকড় বা অগোছালো পরিবেশের ঝামেলাও কম থাকে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই যখন বাড়ির পথে, তখন সামান্য কিছু সতর্কতা আপনার বাসাকে নিরাপদ রাখতে পারে। তাই যাত্রার আগে একটু সময় নিয়ে এসব বিষয় নিশ্চিত করে নেওয়াই সবচেয়ে ভালো।
আলোকিত প্রতিদিন / ১২মার্চ ২০২৬ /মওম

