আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মাসিক সভা

আরো খবর

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক নির্মূল, সড়ক ও মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, সমাজে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়। এ সময় সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল সোহন, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় অংশগ্রহণকারীরা রূপগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে নিয়মিত সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -