কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আল-আমিন হোসেন, তিনি শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশের নয়নপুর এলাকায় আল-আমিনের অবস্থানের তথ্য পেয়ে রাতেই অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসব মাদক অন্যান্য জেলায় সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, আটক আল-আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার সাথে কারা জড়িত—সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এবং মাদকচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আলোকিত প্রতিদিন/এপি

