আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নতুন গান ও বিনোদন

আরো খবর

জান্নাত আক্তার রিয়াঃ

বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নতুন গান ও বিনোদন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বিশেষ চমক নিয়ে আসছে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মুন্না খান মাল্টিমিডিয়া’। প্রতিষ্ঠানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ গল্পনির্ভর এবং তারকাবহুল মিউজিকাল ফিল্ম ‘বেইমান আর স্বার্থপর’। প্রেম, প্রতারণা, মানবিক টানাপোড়েন এবং সমাজবাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমাটিক মিউজিকাল ফিল্মটি ইতিমধ্যেই এই কাজটি নিয়ে এরই মধ্যে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে।

এই ব্যতিক্রমী প্রজেক্টটির নেপথ্যে রয়েছেন বিশিষ্ট চিত্রনায়ক মুন্না খান। তিনি একাধারে এর প্রযোজক এবং গানের গীতিকার। কাজটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমরা সচরাচর যে ধরনের মিউজিক ভিডিও দেখি, এটি তার থেকে একেবারেই আলাদা। এটি মূলত একটি মিউজিকাল ফিল্ম, যেখানে সুরের সাথে একটি শক্তিশালী গল্পের বুনন রয়েছে। বর্তমান সমাজের কিছু তিতা বাস্তবতাকে আমরা এই কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যা দর্শকদের ভাবাবে।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ খান। তার দরদী গায়কিতে গানটি নতুন এক উচ্চতা পেয়েছে। সুর ও সংগীতায়োজনে মুন্সিয়ানা দেখিয়েছেন রোহান রাজ। পর্যটন নগরী কক্সবাজারের মনোরম সব লোকেশনে ফিল্মটির চিত্রগ্রহণ করা হয়েছে। ক্যামেরার পেছনে সিনেমাটিক জাদু দেখিয়েছেন অভিজ্ঞ ডিরেক্টর অফ ফটোগ্রাফি আর কে রুবেল।

এই ফিল্মের অন্যতম বড় চমক হচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেতা ইব্রাহিম আহমেদ বীরের অভিনয়। তিনি মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন। নিজের এই দ্বৈত ভূমিকা নিয়ে তিনি বলেন, “পেশাগত জীবনে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের দাপ্তরিক দায়িত্ব পালন করছি, যা বেশ চ্যালেঞ্জিং। তবে অভিনয়ের প্রতি টান আমার সবসময়ই ছিল। এই ফিল্মে আমি একজন গ্যারেজ মেকারের চরিত্রে অভিনয় করেছি। নিজের অফিসের কাজের ফাঁকে এমন একটি কঠিন চরিত্রে অভিনয় করা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। আশা করি, দর্শকরা আমার অভিনয়ের এই নতুন রূপটি পছন্দ করবেন।”

অন্যদিকে, ফিল্মটিতে নারী প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইভাকে। তিনি এখানে এক প্রভাবশালী ড্রাগ সিন্ডিকেট ডিলারের চরিত্রে অভিনয় করেছেন, যা তার অভিনয় জীবনের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী চরিত্র হতে যাচ্ছে। এছাড়া এতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন প্রতিশ্রুতিশীল শিল্পী বিজয়সহ আরও বেশ কয়েকজন।

মুন্না খান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গান, গল্প এবং কুশলীদের অভিনয়ের দারুণ সংমিশ্রণে ‘বেইমান আর স্বার্থপর’ আসন্ন ঈদে একটি বড় ধামাকা হিসেবে হাজির হবে। দর্শকরা ঈদের দিন থেকেই মুন্না খান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই বিশেষ মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করতে পারবেন।

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -