ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
‘দুর্যোগে প্রস্তুতি, জান-মালের সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণী পেশার মানুষ কে দূর্যোগের সময় করণী ও জনসচেতনতার বিষয়ে অবগত করার জন্য সুনির্দিষ্ট বিষয় বস্তু তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ডিপ্লোমেসি চাকমা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ দুর্যোগ মোকাবেলার বিষয়ে সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট দপ্তরের অংশগ্রহণে একটি দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগুন লাগা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী প্রদর্শনী করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

