আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শফি মন্ডলের কণ্ঠে ফরিদা ফারহানার নতুন গান ‘ভবের মাঝে নানান মানুষ’

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : ফোক ঘরানার গানে নতুন মাত্রা যোগ করতে নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের জনপ্রিয় গীতিকবি ফরিদা ফারহানা। তাঁর কাব্যিক ছোঁয়ায় তৈরি ‘ভবের মাঝে নানান মানুষ’ শিরোনামের গানটি সম্প্রতি বাংলাদেশ বেতারের বাণিজ্যিক বিভাগে রেকর্ড করা হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের কিংবদন্তিতুল্য ফোক সংগীতশিল্পী শফি মন্ডল। প্রথমবার ফরিদা ফারহানার গীতিমালার সঙ্গে কণ্ঠ মেলালেন তিনি। গানটি প্রসঙ্গে শফি মন্ডল বলেন, “আসলে এই গানটি মনের মানুষকে ঘিরে ভালোবাসার এক গভীর প্রকাশ। কথাগুলো এত সুন্দরভাবে সাজানো যে, প্রথমবার গেয়েই আমি মুগ্ধ হয়েছি। গীতিকবি ফরিদা ফারহানার সাথে কাজের অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল।”

​গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন গুণী সংগীত পরিচালক বাবু সরকার। দীর্ঘদিন পর ভিন্নধর্মী একটি কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। তাঁর মতে, গানের কথা ও সুরের যে মেলবন্ধন এখানে ঘটেছে, তা সচরাচর দেখা যায় না। এই শৈল্পিক সমন্বয়ই তাঁকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে।

​ফরিদা ফারহানা বর্তমানে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিয়মিত গান লিখে চলেছেন। সমসাময়িক জীবনবোধ আর লোকজ আবহের মিশেলে লেখা তাঁর গীতিকবিতাগুলো ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
​সংশ্লিষ্টদের আশা, লোকসংগীতের আবহ, হৃদয়ের গভীর টান আর কথার মাধুর্যে ‘ভবের মাঝে নানান মানুষ’ গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। ফোক ধারার গানে এটি হতে পারে এক অনন্য সংযোজন।

আলোকিত প্রতিদিন /৬ মার্চ-২০২৬/এসএএইচ

- Advertisement -
- Advertisement -