সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানের বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে শহরের পাঁচ আনী বাজারের মিষ্টি পট্টি ও পার্ক বাজারের দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি প্রস্তুত করা, কর্মচারীদের হাইজিন মেইনটেইন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০০০০/- এবং গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য খাবারের হোটেল ও মিষ্টান্ন ভাণ্ডার দোকানদারদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও সামারি ট্রায়াল কোর্ট পরিচালনার সময় মাহমুদুল হাসান কলেজ মার্কেট, সমবায় মার্কেট এবং পূর্ব আদালত পাড়া রোডের কাপর ও কসমেটিকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল কসমেটিক, ভারতীয় ও পাকিস্তানি কাপর বলে নকল কাপর বিক্রি এবং অধিক দামে বিক্রির দায়ে আর্থিক জরিমানা করা হয়।
এসময় সামারি ট্রায়াল কোর্ট/ মোবাইল কোর্ট পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাগর তালুকদার। সাথে ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন জামান স্নিগ্ধা এবং উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাহেদা বেগম। পাশাপাশি জেলা পুলিশের টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির নিউটন মজুমদার বলেন, চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে টাঙ্গাইল জেলাকে আরও নিরাপদ করে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

