মো: মহিদ:
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৪ মার্চ মঙ্গলবার মানিকগঞ্জ পৌর মার্কেট পরিদর্শন এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু,মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করেন। তিনি ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, “রমজানকে সামনে রেখে বা যে কোনো অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামা সালাহ উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কনজ্যুমার এসোসিয়েশনের জেলা সভাপতি সামসুন্নবী তুলিপসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা কামনা করা হয়। পরিদর্শনকালে ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

