আলোকিত ডেস্ক:
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন সাতজন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, নিহত সালেহ আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা ছিলেন। তিনি আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন।
বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কুয়েতে চারজন বাংলাদেশি— নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা) ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমা উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রবাসীরা যাতে সতর্ক থাকেন ও স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন সেইজন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম

