রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত মামলায় প্রতারণা চক্রের গ্রেফতারকৃত ৩ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে আমলী গোবিন্দগঞ্জ (চৌকী) আদালতে এ তাদের হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা সূত্র।
পুলিশ জানায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং-৩২, তারিখ ২২ জুলাই ২০২৫, জিআর মামলা নং-৩৩১ অনুযায়ী দায়েরকৃত মামলায় আসামী হিসেবে মোঃ দিদারুল মিয়া (২১), মোঃ লিটন আকন্দ (২৬) ও মোঃ মোক্তার আলী (১৯)-কে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে,২২ জুলাই ২০২৫ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় কোমরপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা যৌথ বাহিনীর সাথে অভিযানে অংশ নেন। অভিযানকালে আশিকের বাড়িতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় মোঃ দিদারুল মিয়া ও মোঃ লিটন আকন্দকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।পরবর্তীতে ঘর তল্লাশি করে ২১টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল ফোন এবং একটি সাদা রঙের টেন্ডা (Tenda রাউটার জব্দ করা হয়।
জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা স্বীকার করে যে, তারা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার কৌশলে আত্মসাৎ করতো। পরে ধারাবাহিক অভিযানে ১ মার্চ ২০২৬ তারিখ রাত ৩টা ২০ মিনিটে মোঃ লিটন আকন্দকে তার বসতবাড়ির পেছনের বাগান থেকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী মোঃ মোক্তার আলীর নাম-ঠিকানাও শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীদের জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।
আলোকিত প্রতিদিন/২মার্চ ২০২৬/এম আর এম

