আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির করাচি শহরে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
করাচির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে বলেছেন, কনস্যুলেটে হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ করাচির বেসামরিক হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন রয়েছে ।
এএফপির একজন প্রতিনিধি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে রবিবার সকালের দিকে কয়েকশ’ বিক্ষোভকারী করাচির মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা চালিয়েছেন। এ সময় একদল যুবক কনস্যুলেটের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন এবং ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁটাতারের বেষ্টনী ঘেরা ওই চত্বরে মার্কিন পতাকার নিচেই একদল যুবক মূল ভবনের জানালা ভাঙচুর করছেন। সেখানে এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনও শক্তি আমাদের থামাতে পারবে না। আরেক বিক্ষোভকারীকে সেখানে আগুন দেওয়ার চেষ্টার দৃশ্য ধারণ করতে দেখা যায়। এ সময় তিনি বলেন,আমরা করাচির মার্কিন কনসুলেটে আগুন দিচ্ছি।
দেশটির করাচি ছাড়াও লাহোর এবং উত্তরের স্কার্দু শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রবিবার বিকেলে রাজধানী ইসলামাবাদের কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসের কাছে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি।
আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

