কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় গহীন শালবন থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা (২২) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকের ভিডিও শুটিং করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে হঠাৎ তীব্র দুর্গন্ধ নাকে আসে। পরে তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।
টিকটক করতে যাওয়া কিশোররা জানান, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুট করি। আজ শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পাই। পরে দেখি মাটির নিচে চাপা দেওয়া এক পুরুষের লাশ। ধারণা করছি, বহু আগে হত্যা করে লাশটি পুঁতে রাখা হয়েছিল। পরে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “৯৯৯ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে। পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এছাড়াও ডিবি পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

