আজ সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

তরমুজের কেজি ৯০ টাকা, বাজারে ক্রেতা-বিক্রেতা খুব কম

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

রমজান মাস শুরু হলেও বাজারে দেখা মিলছে না পর্যাপ্ত তরমুজ । তবে ব্যবসায়ীরা বলছেন, ১৫/২০ রমজান থেকে বাজারে উল্লেখযোগ্যভাবে তরমুজ আসতে শুরু করবে। বাজারে এখন যে তরমুজ দেখা মিলছে তা বছরজুড়ে উৎপাদন হওয়া তরমুজ এবং সিলেটের। এগুলো মূলত তেমন সুস্বাদু নয়। এই তরমুজগুলো প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আরও বলছেন, মূল মৌসুম শুরু হলে তরমুজের সরবরাহ, বিক্রি বাড়বে। এখন তরমুজের ক্রেতা বিক্রেতা দুটোই কম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ফলের দোকান ঘুরে তরমুজ বিক্রির এমন চিত্র দেখা যায়।

রাজধানীর রামপুরায় একটি ফলের দোকানে রাখা তরমুজের দরদাম করছিলেন একজন ক্রেতা। দাম শুনে কিছুটা বিস্মিত হয়ে ক্রেতা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বললেন, আর কয়েকদিন পরেই কিনব। পরে ‌কথা হয় খোরশেদ আলমের সঙ্গে। তিনি বলেন, দোকানে সাজানো দেখে শখ করে দাম জিজ্ঞেস করলাম। বিক্রেতা বলল প্রতি কেজি ১০০ টাকা। পরে অবশ্য ১০ টাকা কমিয়ে ৯০ টাকায় দিতে চেয়েছে। একটা ছোট্ট তরমুজ কিনলেও দাম পড়ে যাবে অনেক।

তিনি বলেন, আসলে তরমুজের এখনো মৌসুম শুরু হয়নি, বাজারে আসতে শুরু করেনি মৌসুমের তরমুজ। এখন যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলোর টেস্ট তেমন নেই। ‌ সাধারণ মানুষ এত টাকা দিয়ে তরমুজ কিনে খেতে চাইবে না। যে কারণে ফুটপাতে বা দোকানে তরমুজ খুব কম বিক্রি হতে দেখা যাচ্ছে। এত দাম দেখে আমিও কিনলাম না, মৌসুম শুরু হবে তখন কিনে খাব।

গুলশান বাড্ডা লিংক রোডের ফুটপাতে সারি সারি সাজানো ছিল ছোট-বড় তরমুজ। ‌সেখানেও ক্রেতাদের খুব একটা ভিড় নেই। ‌অফিস ফেরত মানুষেরগুলোর মধ্যে দুই-এক জন বিক্রেতার কাছে আম সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু তরমুজের ক্রেতার সংখ্যা খুব একটা নেই বললেই চলে। তরমুজের দাম জানতে চাওয়া এমন আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, আসলে এখন তরমুজ পরিপক্ব নয়, আর যেসব বারোমাসি তরমুজ আছে সেগুলো খেতে সুস্বাদুও নয়, এর সঙ্গে দাম বেশি। সব মিলিয়ে আমাদের মতো সাধারণ মানুষের এখন তরমুজ কেনার আগ্রহ সেভাবে নেই। তবে কিছুদিন পর থেকে হয়ত বা তরমুজের মৌসুম শুরু হবে, তখন আমরা কিনতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, বাজারে বর্তমানে সিলেটের তরমুজ পাওয়া যাচ্ছে। আমরা বিক্রি করছি প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায়। দাম একটু বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ এখনো তরমুজ সেভাবে কিনতে শুরু করেনি। বাজারে এখন ১২ মাসে ফলন হওয়া তরমুজ, সিলেটের তরমুজ পাওয়া যাচ্ছে। ১৫ রমজান থেকে ২০ রমজানের মধ্যে বাজারে মৌসুমের তরমুজ আসতে শুরু করবে। তখন প্রচুর পরিমাণে সরবরাহ হবে, সেই সময়েই বিক্রেতা যেমন বেড়ে যাবে, ক্রেতার সংখ্যাও তেমনি বাড়তে থাকবে। মূলত রমজানের ওই সময়ে তরমুজের মূল ব্যবসা হবে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

- Advertisement -
- Advertisement -