রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি শনিবার বিকালে মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এরপর একটি মিছিল নিয়ে জেলা শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে পৌর পার্কের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক ইমরুল কবির সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চোকদার।
জানা যায়, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুঁড়িয়ে দেয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে দলটির নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পুষ্প মাল্যসহ জয় বাংলা স্লোগানের মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীরা শহীদ মিনারে এসেছেন বলে জানান তারা।
এদিকে আওয়ামীলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পেয়ে শহীদ মিনার চত্বর থেকে ওই দুই আওয়ামী লীগ নেতাকে আটক করে সদর থানা পুলিশ।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দুজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশগ্রহনকারী অন্যদের আটকের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

