এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং মাতৃভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

