নাজমুল হাসান:
আজ শনিবার সকালে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের উপস্থিতিতে দেবিদ্বার পৌরসভা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ ডোজ Rabix-VC ভ্যাকসিন প্রদান করে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির হোসেন ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গত দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু গুরুতর আহত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (Rabix-VC) ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আহতদের পরিবার। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর ও হাসপাতাল কোয়ার্টারসহ আশপাশের এলাকায় একটি পাগলা কুকুর একাধিক শিশুকে কামড়ায়। এতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদের ছেলে নৌফল হাসান (৭) গুরুতর আহত হয়। স্থানীয়দের ধাওয়ার মুখে কুকুরটি পালানোর সময় প্রবাসী ইলিয়াছ হোসেনের ছেলে ইয়াছিন (৬) ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে মো. জাবেদ হোসেন (৯) কে সহ বিজলি- বাজার এলাকার বেশ কয়েকজন শিশুকে কামড়ায়।
আহত শিশুদের অভিভাবকেরা অভিযোগ করেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক ও সাপের বিষনাশক ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে জরুরি মুহূর্তে বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যা অনেকের পক্ষে সম্ভব নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, দীর্ঘদিন ধরে কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিনের সরবরাহ নেই। উপজেলা পরিষদের অর্থায়নে কিছু ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তা এখনও পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন সরবরাহের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং নিয়মিত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০২৬/মওম

