আলোকিত ডেস্ক:
মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে এক বিবৃতিতে তিনি বলেন, `রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কারণ এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।
তিনি বলেন,সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসার প্রার্থনা করেন। সবার সুখ-শান্তি এবং কল্যাণ কামনা করেন।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২৬/মওম

