আনোয়ার হোসেন মঞ্জু জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার-১ আসনটি বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ ইতিহাসে জুড়ী উপজেলা থেকে একাধিকবার প্রার্থী থাকলেও কেউই বিজয়ের মুখ দেখেননি। প্রায় ৫৫ বছরের সেই অপেক্ষার অবসান ঘটল এবারের নির্বাচনে।
প্রথমবারের মতো জুড়ী উপজেলার একজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দল-মত নির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো উপজেলা। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা গেছে।
জানা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা, তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল। তিনি পরাজিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, বড়লেখা উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কাছে।
এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। সে সময় তিনি পরাজিত হন তৎকালীন জাতীয় সংসদের হুইপ ও বড়লেখা উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিন–এর কাছে। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। জুড়ী উপজেলার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। স্থানীয়দের মতে, এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং জুড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

