মুহাম্মদ বোরহান উদ্দিন সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়লাভ করায় আনন্দ প্রকাশ ও কৃতজ্ঞতা জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদে আছরের নামাজের পর সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে রায় দিয়েছেন। বিএনপির এই বিজয় দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিজয়। জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানাই।”অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

