এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনে অংশ নেওয়া ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই জামানত হারিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছে। আইন অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ১৪ জন প্রার্থী সেই নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে পারেননি। মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) এই আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। তিনি পেয়েছেন ১,৩৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে বেলাল আহমদ পেয়েছেন ৬,৪৫৮ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নূর পেয়েছেন ২১৯ ভোট এবং গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ১৭৪ ভোট। মৌলভীবাজার-২ (কুলাউড়া) সাবেক তিনবারের এমপি (জাতীয় পার্টি–কাজী জাফর) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন ১৩,৭৫৪ ভোট। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ পেয়েছেন ৫২০ ভোট, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের এম জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২,১৪১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. আব্দুল মালিক পেয়েছেন ৫৮৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৯১ ভোট। মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) এ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪,৬২৪ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জহর লাল দত্ত কাস্তে প্রতীকে পেয়েছেন ১,৭০৪ ভোট। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪,৫৬৩ ভোট। জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন পেয়েছেন ৯২৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের মো. আবুল হাসান পেয়েছেন ৯৮১ ভোট। জেলায় মোট ভোটার ছিলেন ১৬,১৪,৯৩৬ জন। ভোটকেন্দ্র ছিল ৫৫৮টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ২৩,৭৩৬ জন। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায় ১৬,৮৬২টি ভোট, যার মধ্যে ১,৪৬৪টি বাতিল ঘোষণা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

