ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে তার। গতকাল শনিবার বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন বুলবুল।
বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময় পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।
জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এই অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে । বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে।
আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম

