শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা-ময়মনসিংহ মহা সড়কের শম্ভুগঞ্জ গোল চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচক্কর এলাকায় রফরফ বাস তল্লাশী চালিয়ে ১৫ শত পিস ইয়াবা নগদ ২হাজার ৫শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার পুত্র রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিন এর পুত্র মোঃ খোরশেদ আলম ওরফে আলম (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের শম্ভুগঞ্জ এলাকার মোঃ শাহজাহান এর পুত্র অলিউল্লাহ (২৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে আজ রবিবার ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরর করার পর আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২৬/মওম

