শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ আসন থেকে তিনি এর আগেও ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নিজ আসনের জনগণসহ জেলার সাধারণ মানুষের দাবি, অতীতে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাই এবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে দেখতে চান তারা। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ দাবি জানিয়েছেন।মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন,লুৎফুজ্জামান বাবর একজন সৎ ও নীতিবান মানুষ। অতীতে তিনি দক্ষতার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাকে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের মানুষ। খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেস্টু বলেন,লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ণ নেতা। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, আমি কখনো কোনো পদ বা দায়িত্ব চাইনি। তবে দল যদি দায়িত্ব দেয়, সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার নেতা যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট।ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

