মতিয়ার রহমান: রাত পোহালেই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে এখন চূড়ান্ত প্রস্তুতি ও টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ‘কাপ-পিরিচ’ প্রতীক ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাঠপর্যায়ে তার গণসংযোগ, পথসভা ও প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সম্প্রতি একটি বেসরকারি গবেষণা ও জরিপ সংস্থা এসএইচএফ পরিচালিত মতামত জরিপে দেখা গেছে, অন্যান্য প্রার্থীদের তুলনায় ফিরোজ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। গত দুই সপ্তাহে পরিচালিত এ জরিপে আসনের দুইটি উপজেলা ও ১২টি ইউনিয়ন/ওয়ার্ডে মোট ২,৪৫০ জন ভোটারের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এতে পুরুষ, নারী, তরুণ এবং প্রথমবারের ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী—সাইফুল ইসলাম ফিরোজ (কাপ-পিরিচ) : ৫২% সমর্থন, নিকটতম প্রতিদ্বন্দ্বী : ৩৬% সমর্থন, অন্যান্য প্রার্থী ও অনির্ধারিত : ১২% এ হিসাবে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে ফিরোজ এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের অনেকে জানান, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সহজপ্রাপ্যতা এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকার কারণে ফিরোজের প্রতি তাদের আস্থা বেড়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি বলে উঠে এসেছে। মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের জোরালো প্রচারণাও তাকে বাড়তি সুবিধা দিচ্ছে।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই চূড়ান্ত ফলাফলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে। এখন দেখার বিষয়—রাত পোহালেই ভোট, কার ভাগ্যে জোটে বিজয়ের মালা।
আলোকিত প্রতিদিন/এপি

