বিশেষ প্রতিনিধি: লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরে আসেন বিএনপির তৎকালীন চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারান। এরপর দলের চেয়ারম্যান হন তিনি। এবার দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমান। এরপর দীর্ঘ ১৭ বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।
রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান তার নির্বাচনি প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়।
এ ছাড়া তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের ওপর অতি-নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি

