জোবায়দুর রহমান জুয়েল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধায় আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৮ হাজার ৭৭৫ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশ নেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ৩৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আহসান উল্যাহ। তিনি তার বক্তব্যে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনশৃঙ্খলা-সহায়ক করতে গাইবান্ধা জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে আনসার-ভিডিপির সদস্যরা নিবেদিত দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সাতটি উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সেলিম পারভেজ। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক এই সমাবেশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

