সৈয়দ এনামুল হুদা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সমর্থনে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এদিন দুপুর থেকেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ঘিওর এলাকা। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনকে তারা জনগণের মতামত প্রকাশের এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের বড় সুযোগ হিসেবে দেখছেন। বক্তারা মানিকগঞ্জ-১ আসনে পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, “জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।” ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা যুবদকের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক জেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত। এছাড়াও উপস্থিত ছিলেন -উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ার সহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত করেন।
আলোকিত প্রতিদিন/এপি

