আলোকিত প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বাহিনীটি নতুন নামেই পরিচিত হবে। আনুষ্ঠানিক আদেশ জারির পরই নতুন পরিচয়ে কার্যক্রম শুরু হবে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, শুধু নাম নয়, ইউনিটটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র্যাবের কার্যক্রম এবং কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীর নতুন পরিচয় দেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, র্যাব নামটি নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। নতুন নামের মাধ্যমে সেই ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে— এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের মনোবল এবং কর্মক্ষমতা বেড়েছে। ফলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

