বিশেষ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’
আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা নারীরা বেশি ছেলেদের চেয়ে। আপনারা জানেন মা-বোনেরা? আপনাদের সংখ্যা বেশি। নারী-পুরুষ সমান অধিকার। ইসলাম ধর্মেও বলা আছে- আল্লাহ তায়ালা বলেছেন – মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বুঝায়।’
তিনি আরও বলেন, ‘তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা ভুল বোঝায়, এই ভুলগুলো আমরা বুঝতে চাইনা। আমরা চাই মানুষ এখানে সঠিক ভাবে সত্য কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে পত্রিকায় বের হয়েছে আমি জানিনা সত্য না মিথ্যা, জামায়াতের আমিরের এক্সহেন্ডেল হ্যাক হয়েছে। জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি কিন্তু এসব জানিনা, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতেছি? বাজে কথা বলেছেন! জামায়াতের আমির যদি নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন নাই। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘তবে জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এমন- ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। ওই যে গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কি?’
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

