আজ বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ভোটের লড়াই যখন ধানের শীষ বনাম ফুটবল

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সরগরম হয়ে উঠেছে। ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া- ৫ একটি বিশাল নির্বাচনী এলাকা। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৫৪টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ০৮জন।
এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটারদের মুখে ঘুরেফিরে আসছে দুই হেভিওয়েট প্রার্থীর নাম।
মাঠে-ঘাটে, হাট-বাজারে কিংবা পাড়ার মোড়ের চায়ের দোকানে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার কাজী নাজমুল হোসেন তাপস।
সরেজমিনে নবীনগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়- ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের সংযোগ এখন চোখে পড়ার মত। শীতের সকালে হাল্কা কুয়াশা ভেদ করে যেমন প্রার্থীরা ছুটছেন, তেমনি গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ অথবা উঠান বৈঠক।
বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান (ধানের শীষ) দলীয় ভোট ব্যাংক এবং ধানের শীষের ঐতিহ্যের ওপর ভর করে জয়ের ব্যাপারে আশাবাদী। তার সমর্থকরা বলছেন- গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে মানুষ ধানের শীষকেই বেছে নেবে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস (ফুটবল) তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তার ‘ফুটবল’ মার্কার সমর্থনে আয়োজিত মিছিল ও সভা গুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে নতুন সমীকরণের দিকে ঠেলে দিয়েছে।
আলোচনা-সমালোচনা বা চায়ের কাপে ঝড় তোলা আড্ডায় ভোটাররা দুই প্রার্থীরই আমলনামা বিশ্লেষণ করছেন।
একদিকে যেমন দলীয় ইমেজের শক্তি কাজ করছে, অন্যদিকে ব্যক্তি ইমেজের জনপ্রিয়তাও জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, মূল লড়াই হবে এ দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যেই।
আরো ছয় প্রার্থী প্রচারে থাকলেও আলোচনার মূল কেন্দ্র দখল করে নিয়েছেন আব্দুল মান্নান ও নাজমুল হোসেন তাপস। ভোটারদের ভাষ্যমতে- বিশাল এ জনপদে শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা উঠবে, তা নির্ভর করছে সাধারণ মানুষের আস্থার ওপর।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -