নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ জন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ১০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারের সার্বিক পরিকল্পনায় এবং সদর থানার ওসি মো. ছমি উদ্দিনের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথ বাহিনী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং অপরাধী গ্রেফতারে কার্যকর ভূমিকা রাখে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ২টার সময় সদর থানার ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব খরুলিয়া নয়াপাড়া এলাকায় মৃত রহিম উদ্দিন বাহাদুরের বসতঘরে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—হালিমা আক্তার বাবুনী (২৭), মো. ফয়সাল (২৫), শামসুন্নাহার (৪০) ও আর্জিনা আক্তার (৩৫)।
এসময় তাদের হেফাজত থেকে ৫৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ১৪ লাখ ৩ হাজার ১২০ টাকা, ১৬ ভরি ২ আনা ২ রতি (১৮৮.৩০ গ্রাম) ওজনের স্বর্ণালংকার এবং বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই দিন রাত আনুমানিক ২টার সময় কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ মেডিসিন ওয়ার্ড থেকে আব্দুল মান্নান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে তাকেও আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে সদর থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা জিআর, সিআর, মিচ ও দ্রুত বিচার আইনের বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আরও বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খল পরিবেশের কোন সুযোগ নেই। মাদক ও অপরাধ দমনে কক্সবাজার সদর থানার এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি ২০২৬/মওম

