মোঃ নিশাদুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১-এর স্বাধীনতা ২৪ -এ রক্ষা হয়েছে। তিনি ২২ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তিনি বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল। আর ২৪ এ আমাদের স্বাধীনতা রক্ষা হয়েছে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মধ্যে কোন ভেদাভেদ ছিলোনা। সেখানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। ঠিক একইভাবে ২৪ এ এসেও রিকশাচালক, ভ্যান চালক থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবাই আন্দোলন করেছে। তারেক রহমান সিলেটের বিভিন্ন জায়গায় সমাবেশ শেষ করে চতুর্থ জনসভা হিসেবে রাত ১০টার দিকে এসে ব্রাহ্মণবাড়িয়া মঞ্চে উঠেন। এসময় সামনে থাকা লোকজনের সঙ্গে তারেক রহমান মঞ্চে থেকে নেমে এসে সামনে যারা ছিলেন তাদের সঙ্গে সানন্দে হাত মেলান। পরবর্তীতে ১০টা ৩৪ মিনিট থেকে তিনি বক্তব্য শুরু করে প্রায় ১৯ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি সবাইকে মনে করিয়ে দিতে গিয়ে বলেন,নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকায় ও বিভিন্ন মিডুয়ায় খবর এসেছে কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল সেটা এখনও করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে ফজরের আগেই ভোটকেন্দ্রে চলে যেতে হবে। প্রয়োজনে ভোট কেন্দ্রের কাছে গিয়ে নামাজ আদায় করে নিতে হবে।
তিনি আরো বলেন, আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।
বিএনপির মনোনীত জোট প্রার্থীদের নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি হিসেবে ধানের শীষের যত ভাইয়েরা আছে এই মানুষগুলো আন্দোলনে ছিল, দেশের গণতান্ত্রিক রাজপথে ছিল। তাই তাদের জিতিয়ে আনতে হবে। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হবে, স্কুল মেরামত হবে। তা ছাড়া তরুণ সমাজ যে বেকার রয়ে গেছে। ধানের শীষ সরকার গঠন করলে তাদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান বক্তব্য দেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও জনসভায় বক্তব্য রাখেন।
এর আগে, সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠেন উপস্থিত হতে থাকেন। জেলার ৯ উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য সবাই দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেন এবং তার বক্তব্য শুনে বাড়ি ফেরেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০২৬/মওম

