আলোকিত ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়েছে। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা সভাস্থলে অবস্থান করছেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১১টায় জনসভার স্থলের উদ্দেশ্যে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপি নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লেগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতাকর্মীদের সঙ্গে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। লাল-সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ। আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা বিএনপির প্রথম নির্বাচনি সভা।
বিএনপির নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।
এর আগে বিএনপি চেয়ারম্যান সিলেট বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি চলে যান হজরত শাহজালাল এবং শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে। জিয়ারত শেষে গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশ খানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাতযাপন করেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে শহরে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশ। নগরজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনীর গাড়িও টহল দিচ্ছে শহরজুড়ে। জনসভার আশপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ।
সর্বশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পুণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ শেষ হয়েছে সিলেটবাসীর।
সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে আছেন– স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

