আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে এবার পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন। ২১ জানুয়ারি বুধবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি পুকুরে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ প্লেনটি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্লেনে থাকা দুই পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং মাটিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কিছু অংশে আগুন জ্বলছিল। অন্য একটি ভিডিওতে পাইলটদের বের হয়ে আসার দৃশ্যও ধরা পড়েছে।
ভারতে পাইলট প্রশিক্ষণ ও প্লেন পরিচালনার সঙ্গে যুক্ত ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে এই দুর্ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
গত নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

