আবু সায়েম:
কক্সবাজারে দুইদিনব্যাপী শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ২১ জানুয়ারি বুধবার সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: সরকার, প্রশাসন ও শিকারী সাংবাদিকতা’ বিষয়ে আলোকপাত করেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘ শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে। এখন আবারও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির অপচেষ্টা শুরু হয়েছে। যা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’
তিনি অভিযোগ করে বলেন,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত পাশ হয়েছে সেদিনই বোঝা গেছে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না।
তত্ত্বাবধায়ক সরকার নেই মানে নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একদম পরিষ্কার। তার মানে, ইলেকশন যেহেতু হবে না তাহলে রাজনৈতিক দলগুলো দমন ও ধ্বংস করা হবে।
ফারুক ওয়াসিফ আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সত্যিকার জনমতের প্রতিফলন ঘটবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো।শুধু সরকার গঠন করলে হবে না, সরকার যেনো ফ্যাসিবাদী না হয়ে ওঠে তার জন্য এবারের গণভোট গুরুত্বপূর্ণ।
গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে সেশন পরিচালনা করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইআরএফ এর সাবেক সভাপতি শারমিন রিনভি। এছাড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে পৃথক দুই ভেন্যুতে কর্মশালার আয়োজন করে পিআইবি।এতে জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

