আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সমাবেশ

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা (সিনিয়রিটি), পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের বটতলায় এ কর্মসূচি পালন করা হয়। ‘চাকুরি সুরক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির মহাসচিব ও তথ্য পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মিয়া হোসেন রানা। সমাবেশটি সঞ্চালনা করেন মো. মিয়াজ উদ্দিন।

সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহমেদ, তরিকুল ইসলাম, মাসুদ আলম, ওয়াহিদুজ্জামান নান্নু, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, ফিরোজ আলম, মনির হোসেন চৌধুরী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, নাছির আহম্মদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল জলিল, ইয়াকুব হোসেন, আব্দুল মতিন, আফজালসহ অনেকে।

এছাড়া আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, পরিচালক বিল্লাল হোসেন, আমিনুল আক্তার এবং রাজিউর রহমান রেজা।

সমাবেশে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১) পুনর্বহালকৃত সকল কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন ও ভাতাদি দ্রুত পরিশোধ।
২) আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতা বজায় রেখে অন্তত দুইটি পদোন্নতির ব্যবস্থা।
৩) শাস্তিমূলকভাবে বদলি করা ৯ জন কর্মকর্তা-কর্মচারীর বদলি আদেশ প্রত্যাহার।

বক্তারা বলেন, নতুন ও পুরাতনের বিভেদ ভুলে সবাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একসঙ্গে কাজ করতে চান। তবে ন্যায্য অধিকার আদায়ে আর কোনো বিলম্ব মেনে নেওয়া হবে না।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -