সৈয়দ এনামুল হুদা :
মানিকগঞ্জের ঘিওরে অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবহির্ভূত পাট মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে ঘিওর বাজারের বিভিন্ন পাট ব্যবসায়ীদের গুদামে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, মানিকগঞ্জ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘিওর বাজারের পাট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা, পিতা -মতিলাল সাহা, গ্রাম- ঘিওর উপজেলা – ঘিওর জেলা- মানিকগঞ্জ কে ২০২২ সালের পরিপত্র অনুযায়ী ১ হাজার মনের অধিক ১হাজার ৫শত মন পাট মজুদ রাখায়, ৮-১০ দিন সময়ের মধ্যে ১ হাজার মনের অধিক পাট বিক্রয় করে দিতে হবে এই মর্মে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও মেসার্স সামেজ উদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল হক, পিতা -হাজী মোঃ সামেজ উদ্দিন এবং কাইয়ুম পিতা – নুরুল হক সর্ব সাং -চর মাইলাগি, উপজেলা ঘিওর, জেলা– মানিকগঞ্জ কে সরকারি পরিপত্রের অধিক ১ হাজার ৫ শত মন পাট মজুদ রাখায় ৭ দিনের মধ্যে পাট বিক্রয় করে দিতে হবে এই শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন – মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়খ শিহাব উদ্দিন ও মোঃ মুনতাছির মামুন মনি, পাট অধিদপ্তর নারায়নগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুব আলম, পাট অধিদপ্তর মানিকগঞ্জের পরিদর্শক আশিক কুমার ভৌমিক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা -দেলোয়ার হোসেন সহ গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি দেশে পাটের সংকটের কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য পাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পাট অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মাহবুব আলম জানান, এই অভিযান নিয়মিত অভিযানের অংশ। আজকে শুধুমাত্র যারা বেশি পাট রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদেরকে আপাতত সতর্ককরে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০২৬/মওম

