আবু সায়েমঃ
অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের ফলে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। স্থানীয় জনগণের পানির চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৭ জানুয়ারি শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থিত ‘রেইন ওয়াটার রিজার্ভার’ (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্প পরিদর্শন শেষে সাম্প্রতিক মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মি ছোড়া গুলিতে আহত স্কুল শিক্ষার্থী আফনান ও স্থলমাইন বিস্ফোরণ পা হারানো মোহাম্মদ হানিফের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রকল্প প্রসঙ্গে আদিলুর বলেন, ‘ স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে , এটি এই জনগোষ্ঠীর পানি সংকট সমস্যার সমাধান করবে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে এর সুফল ভুগ করতে পারে সেটিই মাথায় রেখে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে’।
উপদেষ্টা বলেন, ‘ বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সদা সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না।’
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ জনগণের ঐক্যের শক্তি আগামীর ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে থেকে সকল শঙ্কার অবসান ঘটাবে।’
এর আগে একই দিন সকাল ১১টার দিকে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সহ কয়েকটি ক্যাম্পে এডিবির অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: আবদুল আউয়াল, হেল্প প্রজেক্টের ডিরেক্টর নুর আহাম্মদ, ইএমসিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল কাউয়ুম, ইএপি প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম মুক্তাদির, কক্সবাজার জেলা প্রশাসক আ. মন্নান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, হেল্প প্রকল্পের ডিপিডি মো: মাহমুদ খান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের সহকারী প্রকৌশলী ও WASH Training Center এর কো-অর্ডিনেটর আবুল মনজুর সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের পরামর্শকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বান্দরবান শহর থেকে সড়কপথে কক্সবাজারে আসেন তিনি।
১৭ জানুয়ারি ( শনিবার) সকালে তিনি জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। পাশাপাশি দিনব্যাপী সরকারি সফরসূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০২৬/মওম

