মো: মহিদ:
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন এবং ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ৯ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযোগ ছিল থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

