মো: মহিদ:
মানিকগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭ টি মনোনয়নের মধ্যে বিভিন্ন কারণে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে জেলার তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি কার্যক্রম পরিচালনা করেন। শুনানি শেষে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল আলী বেপারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই আসনে জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাজাহান খানের প্রার্থীতাও বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন আবিদুর রহমান খান ও আব্দুল হক মোল্লা। পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ ফারুক হোসেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

