মোঃ রাশেদুল ইসলামঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মনে ভোট অধিকারের আস্থা ফেরাতে এবং আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে মেলান্দহ থানা পুলিশ। এরই ধারাবাহিকতা হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলো সহ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
ভোটকেন্দ্র পরিদর্শন সময় ওসি ওবায়দুর রহমানের সাথে উপস্থিত ছিলেন মেলান্দহ থানার ফুলকোচা ইউনিয়নের বিট অফিসার এসআই রাশেদুল ইসলাম এবং সহকারী বিট অফিসার এএসআই ফজলুল হকসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
৩১ ডিসেম্বর (বুধবার) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ কক্ষের অবস্থান এবং আশেপাশের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে কথা বলে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে ওসি ওবায়দুর রহমান দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কঠোর থেকে কঠোরতম নির্দেশনা দিয়ে বলেন, “নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, পেশিশক্তির ব্যবহার বা ভোটদানে বাধা সৃষ্টির অপচেষ্টা করা হলে পুলিশ তা কঠোর থেকে কঠোরতম হস্তে দমন করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন “সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে মেলান্দহ থানা পুলিশ ঐক্যবদ্ধ । ভোটাররা যাতে ভয়ভীতিহীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য আমরা প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার বিশেষ পদক্ষেপ নিচ্ছি।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে সক্রিয় ভাবে কাজ করবে বলেও তিনি জানান। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
আলোকিত প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০২৫/মওম

