নুরুজ্জামান সবুজ:
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ভোরে যখন কুয়াশাভেজা প্রকৃতিতে ফজরের আজান ধ্বনিত হচ্ছিল, এর ঠিক কিছু পরেই মুত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল এক যুগ-নির্ধারণী বাস্তবতা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন দলের নেতা-কর্মীরা।
৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই কার্যালয়ে শুরু হয়েছে পবিত্র কোরআন খতম। এতে দলের নেতা-কর্মীরাসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কান্নাজড়িত কন্ঠে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, আজ আমরা আমাদের মাকে হারিয়েছি। তিনিই একমাত্র আপসহীন নেত্রী ছিলেন। নানা প্রতিকূলতা, অবরোধ এবং দীর্ঘ কারাবন্দী জীবনের মধ্য দিয়েও খালেদা জিয়া দৃঢ়ভাবে গণতন্ত্রের পক্ষে লড়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন তিনি সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই শোক আমরা সইতে পারছি না। দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা নানা কর্মসূচি পালন করছি। খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
আলোকিত প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০২৫/মওম

