মো: মহিদ:
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মো. ইউসুব আলী শেখ (৪৭)। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হাজারো ছাত্র-জনতা অংশ নেয়। এক দফা দাবিতে স্লোগান চলাকালে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বেলা ১টার দিকে বিজয় মেলা মাঠ থেকে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু হলে বাদী কিরণ মিয়া, রুবেল, জীবনসহ প্রায় ২০০ জন গুলিবিদ্ধ ও আহত হন। পরবর্তীতে বাসস্ট্যান্ড ও মমতাজ চক্ষু হাসপাতালের সামনেও দফায় দফায় হামলায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হন। গুরুতর আহত রুবেল দীর্ঘদিন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউসুব আলী শেখকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

