রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই যুবকের পিঠব্যাগ থেকে ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার চারমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই আনিসুজ্জামান, এএসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারমাথা মোড় এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের পিঠব্যাগের ভেতর থেকে মোট ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রোহিত বাসফোর (২০), পিতা মৃত উত্তম বাসফোর, বাড়ি শেওজগাড়ী (সুইপার কলোনি), ০৮ নং ওয়ার্ড, থানা বগুড়া সদর, জেলা বগুড়া এবং রাজ বাসফোর (২০), পিতা মৃত রঞ্জিত বাসফোর, মাতা জোসনা বাসফোর, বাড়ি পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন), ১ নং ওয়ার্ড, থানা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম
- Advertisement -

